ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার মোহে রাজনীতি করলে নীতি ও আদর্শ টিকে থাকে থাকে না। ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও দেশপ্রেমের টানে রাজনীতি করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে বরগুনা-২ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, “৫ আগস্টের পর জামায়াতের প্রকৃত চরিত্র জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। তারা মুখে ইসলামের কথা বললেও আসলে বড় ধরনের মিথ্যাবাদী। ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় আমরা জোট ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও যোগ করেন, জোট ছাড়ার পর দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে।
রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের ব্যর্থতার কারণে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বিদেশে ‘বেগমপাড়া’ তৈরির মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। তিনি দাবি করেন, ৫ আগস্ট পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে ইসলামী আন্দোলনই সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে।
বরগুনা-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পুরাতন রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তনের জন্য হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই।”
মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, বরগুনার ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুর সাকুর এবং জনপ্রিয় ইসলামি আলোচক হাবিবুর রহমান মেজবাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ