ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহে শিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিচুর রহমান মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল আলাউদ্দিন এবং সিও-র ডাইরেক্টর ড. মেহেদী হাসান। এ ছাড়াও অনুষ্ঠানে আইডিইবির চেয়ারম্যান ইয়াসিন আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় বেসরকারি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাসহ মোট ২০টি চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করে। দিনব্যাপী এই আয়োজনে কয়েক হাজার চাকরিপ্রার্থী তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। স্টলগুলোতে সরাসরি মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে প্রাথমিক বাছাই সম্পন্ন করা হয় এবং অনেককে তাৎক্ষণিকভাবে চাকরির প্রাথমিক নিশ্চয়তা দেওয়া হয়।
আয়োজক প্রতিষ্ঠান ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই মেলার মাধ্যমে অন্তত দুই শতাধিক যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে তারা আশাবাদী। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বর্তমান চাকুরিবাজারের সাথে তরুণদের সংযোগ ঘটিয়ে বেকারত্ব দূর করতে এবং কারিগরি দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ