বিএনপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাইদ পান্থ, বরিশাল: আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত জেনেই ষড়যন্ত্রমূলকভাবে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি শহীদ প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সানজিদা আফরিন সাহানা। শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সানজিদা আফরিন সাহানা দাবি করেন, তার স্বামী শহীদ প্যাদা এলাকায় রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে সক্রিয় ভূমিকা রাখছিলেন। তার নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত বুঝতে পেরে রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির যোগসাজশে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে তাকে গ্রেপ্তার করানো হয়েছে। তিনি এই ঘটনার সঠিক তদন্ত এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, এর আগে গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে শহীদ প্যাদার বাড়িতে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে তার বাড়ি ও আশপাশের এলাকা থেকে মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানানো হয়।

সেনাবাহিনীর ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদের বরাতে এক ক্ষুদেবার্তায় জানানো হয়, "মাদক ও সমাজে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে অপরাধ নির্মূলে সেনাবাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।"

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত শহীদ প্যাদার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা অভিযোগ রয়েছে। সেনাবাহিনী ও প্রশাসনের তথ্যমতে, তিনি এলাকায় ‘গলাকাটা শহীদ’ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন