ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রিপন হালদার, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে মোংলায় বড় ধরণের শক্তি প্রদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মোংলা হেলিপ্যাড ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভাটি এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
জনসভায় প্রধান বক্তার বক্তব্যে বাগেরহাট-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পরে মানুষ একটি শান্তিময় দেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু দুঃখের বিষয়, ক্ষমতার কাছাকাছি যাওয়ার আগেই একদল মানুষ ঠান্ডা মাথায় চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু করেছে। চাঁদাবাজি করে করে এদেশের মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ এখন আর দখলবাজি পছন্দ করে না। তারা এখন স্বস্তি ও মানবিক মর্যাদা চায়। আর এই মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েম করতে পারে একমাত্র জামায়াতে ইসলামী।” ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
মোংলা পৌর জামায়াতের আমীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাকসু) সাবেক ভিপি মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহসহ ১১-দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জনসভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
মোংলা ও রামপাল এলাকায় জামায়াতের এই বিশাল শোডাউন ভোটের মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে আব্দুল ওয়াদুদ নিজের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ