ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোক্তার হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক নির্মূলে বড় ধরনের সাফল্য পেয়েছে র্যাব-১১।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা ও বিদেশি মদসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
র্যাব-১১-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁ উপজেলার চেঙ্গাইন এলাকায় এই অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ১ হাজার ২৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, ২৬ কেজি গাঁজা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযানে আটক মাদক কারবারিরা হলেন— ১. জাবেদ (৩৫): সোনারগাঁ উপজেলার বাসটেকি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। ২. সুজন মোল্লা (২২): ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ভন্ডবাসা গ্রামের মৃত ওয়াদুদ মোল্লার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা একটি শক্তিশালী মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্য অভিনব কৌশলে সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে এসব মাদক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত তারা। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে র্যাবের এই নিরবচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ