চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ণ
চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে র‍্যাব-৭-এর অভিযানে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আইয়ুব (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করেছে র‍্যাব।

শুক্রবার (১৯ জুন) র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় এই চালানটি ধরা পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পেরেছিল যে, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে এক কারবারি চট্টগ্রাম শহরের দিকে আসছে।

আটক মোহাম্মদ আইয়ুব কক্সবাজারের টেকনাফ উপজেলার নাটমুরা পাড়ার বাসিন্দা। তল্লাশির সময় গাড়ির যাত্রী আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৯টি বান্ডেল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাবের হিসাব অনুযায়ী, এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২০ হাজার টাকা।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়িটিসহ তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন