ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে একটি গুদাম ঘরে বন্দি করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র্যাব। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার কুখ্যাত মানব পাচারকারী মো. আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদাম ঘরে বেশ কিছু মানুষকে আটকে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১৫ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও র্যাব যৌথভাবে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বাড়ির ভেতরের একটি গুদাম ঘর থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আব্দুল আলীসহ পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনের স্বপ্ন এবং উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে। তাদের স্বল্প খরচে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে এখানে আটকে রাখা হয়েছিল।
উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মানব পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ