মুকসুদপুরে দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
মুকসুদপুরে দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় সকল পদ-পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। 

আজ বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এই যৌথ ঘোষণা দেন।

পদত্যাগকারী দুই নেতা হলেন— উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তৈয়বুর রহমান এবং ২ নম্বর প্রসারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রণব ঘোষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পদত্যাগকারী দুই নেতা বলেন, “আমরা কোনো প্রকার ভয়-ভীতি, চাপ অথবা অন্য কারো প্ররোচনায় বা নির্দেশে নয়; বরং সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের দলীয় পদ হতে অব্যাহতি নিয়েছি। আজ থেকে দলের কোনো কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।”

ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাঁরা স্পষ্ট করে বলেন, “সেটা সম্পূর্ণ ভবিষ্যৎ সময় এবং চারপাশের পরিবেশ-পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে এই মুহূর্তে আমরা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।”

উপজেলা প্রেসক্লাব সূত্র ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জানান, গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গোপালগঞ্জ জেলায় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও প্রভাবশালী নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। এরই ধারাবাহিকতায় আজ মুকসুদপুরের দুই ইউনিয়ন পর্যায়ের নেতা দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন