সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মাদানীনগরের নিমাইকাশাড়ি এলাকা থেকে সমাবেশের মূল নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত মাসুদ মিয়াকে (২৮) এবং একই দিন রাতে বাগমারা এলাকা থেকে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাহুলকে (২৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী সরকারবিরোধী বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পেয়ে তাঁরা স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, রাষ্ট্রবিরোধী অপ্রীতিকর কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গ্রেপ্তারকৃত উভয় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এজাহারভুক্ত অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|