ছাত্রদলের নেতাদের কাছ থেকে রাজনীতি শিখুন : পাটওয়ারীকে এমপি আশরাফ

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ
ছাত্রদলের নেতাদের কাছ থেকে রাজনীতি শিখুন : পাটওয়ারীকে এমপি আশরাফ
রায়পুরায় নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (ফাইল ছবি)

নরসিংদীর রায়পুরায় নিজ পৈতৃক গ্রাম নুরপুরে স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

আজ শুক্রবার উপজেলার নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এ সভায় এলাকার শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং দলীয় অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী ও শিষ্টাচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইঙ্গিত করে এমপি আশরাফ উদ্দিন বকুল বলেন, “আমরা চাই না কেউ কারো কথায় কষ্ট পাক। কারণ বন্দুকের গুলি যেমন একবার বেরিয়ে গেলে ফেরানো যায় না, তেমনি কারো মুখ থেকে কোনো শব্দ বেরিয়ে গেলেও তা আর ফিরিয়ে নেওয়া যায় না। এ জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীকে এতটুকু বলব—আপনি সতর্ক থাকেন, কিছু শেখার চেষ্টা করেন। বিএনপির রাজনীতি থেকে, ছাত্রদলের নেতাদের কাছ থেকে শিখুন কীভাবে পরিচ্ছন্ন রাজনীতি করতে হয়।”

তিনি আরও যোগ করেন, “আমার বক্তব্যগুলো ফলো করুন। অন্তত আমার বক্তব্য থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফলো করার দরকার নেই; রায়পুরার ইঞ্জিনিয়ার আশরাফকে ফলো করলেও আপনার রাজনীতি দীর্ঘায়িত হবে। অন্যথায় দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কারণে এনসিপির রাজনীতি বিলীন হয়ে যাবে।”

দলীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করি। আমাদের বর্তমান সেনাপতি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এক অনন্য মানবিক নেতা, যিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট গভীরভাবে বোঝার চেষ্টা করেন। তাঁর মানবিক নেতৃত্ব থেকে প্রশিক্ষণ নিয়েই আমরা জনসেবায় এগিয়ে যাচ্ছি।”

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আশরাফ উদ্দিন বকুল বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান দেশের প্রতিটি সন্তান যেন সুশিক্ষিত হয়ে ওঠে। সন্তানরা যেন কোনোভাবেই মাদক বা অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে। সবাই যেন উচ্চশিক্ষায় কিংবা কারিগরি দিক থেকে নিজেদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে—সেটাই আমাদের মূল লক্ষ্য।”

রায়পুরার আধুনিকায়ন প্রসঙ্গে সংসদ সদস্য গর্ব প্রকাশ করে বলেন, “আমি নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম রায়পুরা হবে সারাদেশের জন্য একটি রোল মডেল। রায়পুরা থেকে শিখবে পুরো বাংলাদেশ। আমরা এখন সে লক্ষ্যেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। কিন্তু এনসিপি আজ যেসব কটু ভাষায় বক্তব্য দিচ্ছে, তাতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে এবং তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। আমরা এই হানাহানির রাজনীতিতে বিশ্বাস করি না।”

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। রায়পুরার মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে আমি সর্বদা কাজ করে যাচ্ছি। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।”

উক্ত মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকরা নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরলে সংসদ সদস্য পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।

মন্তব্য করুন