আ: লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী মিছিল-মিটিং, উসকানিমূলক কর্মকাণ্ড, প্রশাসনকে হুমকি প্রদান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ সোমবার (২২ জুন) বিকেল ৫টায় রাজধানীর বনানীস্থ কামাল আতাতুর্ক এভিনিউয়ের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি গুলশান-২ সার্কেলে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে ঢাকার প্রায় ৪৫ থেকে ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের কয়েক শ’ নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ছাত্র-জনতার অগণিত জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দেশের বিরুদ্ধে যেকোনো স্বৈরাচারী ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, অতীতে দেশের বিভিন্ন সংকটময় ও ঐতিহাসিক আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রাজপথে বুক চিতিয়ে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও দেশের প্রয়োজনে একইভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সকল নেতাকর্মীকে নিজ নিজ ক্যাম্পাসে সজাগ থাকার এবং যেকোনো অবৈধ ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) বলেন, “দীর্ঘ সময় ধরে দেশের মানুষ যে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের নিষ্ঠুর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, সেই কলঙ্কিত পরিস্থিতির পুনরাবৃত্তি বাংলার মাটিতে আর কখনোই হতে দেওয়া হবে না। গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো সন্দেহজনক বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। একই সাথে প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নেতৃবৃন্দ দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ শিক্ষা পরিবেশ বজায় রাখার পক্ষে তাদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা
|