নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া মৌজায় পদ্মা রেল লিংক প্রকল্পের আওতাধীন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সেতুমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ জনগণের সমর্থন হারিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষিদ্ধ হয়েছে। মূলত জনগণ ও আইনের সমন্বিত সিদ্ধান্তের ফলেই দলটি আজ রাজনৈতিকভাবে নিষিদ্ধ।
মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত জমি চিহ্নিত করে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বড় আকারের খালি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন, উন্নয়ন উপযোগী স্থানে অবকাঠামো নির্মাণ এবং পরিবেশ সুরক্ষায় উপযোগী স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হবে। জমির সঠিক ব্যবহার নিশ্চিত করেই দেশজুড়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এছাড়া আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ বিভিন্ন সরকারি, সামরিক ও বেসামরিক দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা পদ্মা রেল লিংক প্রকল্প এলাকার নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
|