নিকাব পরা নারী সাংসদদের উদ্দেশ্যে বিএনপির এমপি— বুঝলাম না, আপনারা কারা?

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ণ
নিকাব পরা নারী সাংসদদের উদ্দেশ্যে বিএনপির এমপি— বুঝলাম না, আপনারা কারা?
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে নিকাব পরা নারী সাংসদদের উদ্দেশ্য করে বিতর্কিত বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সংসদ সদস্য হয়েও তাঁরা সংসদে নিকাব পরে আসায় তাঁদের চিনতে সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 

রবিবার (১৪ জুন) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে।


সংসদে মনিরুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, আমাদের হাউজে আমাদের বোনেরা এসেছে এমপি হইয়া। আপনিও অভিনন্দন জানাইছেন, আমিও অভিনন্দন জানাই। সবাই মেধাবী। দুজনের বক্তৃতা শুনেছি, আগামী দিনে কিছু করতে পারবেন, ভবিষ্যৎ আছে, পড়াশোনা জানা। কিন্তু, বুঝলাম না তো কারা আপনারা?’

সংসদ সদস্যের এমন বক্তব্যের সময় সরকারি দলের নারী সদস্যসহ বিরোধী দলের অনেক সংসদ সদস্যই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এ সময় বিএনপি ও বিরোধী দলের কোনো কোনো সদস্যকে হাস্যরসে ফেটে পড়তে দেখা যায়। মনিরুল হক চৌধুরী আরও বলেন, ‘আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে বুঝব না কী আছে, এটা ঠিক না তো!’

মনিরুল হক চৌধুরীর এই বক্তব্যের পরপরই নারী সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল তাৎক্ষণিক হস্তক্ষেপ করে মনিরুল হক চৌধুরীকে বাধা দেন। ডেপুটি স্পিকার বলেন, ‘সদস্যরা কারো ব্যক্তিগত স্বাধীনতা (পার্সোনাল ফ্রিডম) নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। এটি সংসদীয় রীতিনীতির পরিপন্থী।’ তিনি মনিরুল হক চৌধুরীকে ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য দেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, এর আগে নিজের বক্তব্যে মনিরুল হক চৌধুরী একটি অনুষ্ঠানের স্মৃতিচারণ করতে গিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি জানান, একটি অনুষ্ঠানে গিয়ে তিনি নারী পরিহিতদের পরিচয় শনাক্ত করা নিয়ে বিভ্রান্তির মুখে পড়েছিলেন। সংসদ সদস্যদের পোশাক ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে এমন মন্তব্য সংসদীয় অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন