ক্ষমতা দেখালে মানুষের ভালোবাসা পাবেন না: মির্জা ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
ক্ষমতা দেখালে মানুষের ভালোবাসা পাবেন না: মির্জা ফখরুল
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "খালি ক্ষমতায় আসছি বলে ক্ষমতা দেখাবেন না। এটা করলে মানুষের ভালোবাসা পাবেন না। রাজনীতির মূল কথাই হলো জনগণের মন জয় করা।"

বুধবার (২০ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে স্বভাবসুলভ গম্ভীর রাজনীতিকের খোলস ছেড়ে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের স্থানীয় আঞ্চলিক ভাষায় নেতাকর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, "মুই যদি জাহানে (এখানে) চুরি-চামারি শুরু করু, মানুষকে ধমকাও; তাহলে আর যাওয়া যাবে? গ্রামের মানুষ পছন্দ করবে না তাই।"

নেতাকর্মীদের প্রতি সংগঠনকে শক্তিশালী করার অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "আপনারা সঠিক ও আদর্শিকভাবে নেতৃত্ব দিন। রাজনীতির মূল কথাটি হলো 'উইন ওভার' (Win over)। আমাদের জনগণের কাছে যেতে হবে, তাদের ভালোবাসা নিতে হবে—আপনাদের এটাই করতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লাখো মানুষের উপস্থিতিতে ভালোবাসায় সিক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমন্ত্রিত অতিথিরা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যখন ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর বার্তা দেওয়া হচ্ছে, তখন মির্জা ফখরুলের এই আঞ্চলিক ভাষার হুঁশিয়ারি দেশজুড়ে রাজনৈতিক মহলে একটি ইতিবাচক ও দায়িত্বশীল বার্তা দেবে।