একটি হতাশাগ্রস্ত চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ণ
একটি হতাশাগ্রস্ত চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দেশের একটি বিশেষ মহল সমাজকে অস্থিতিশীল রাখার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৮ মে ২০২৬) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রবীন্দ্র কাছারি বাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আমাদের দেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী রয়েছে যারা সবসময় হতাশায় ভোগে এবং এই সমাজকে অস্থির করে রাখতে চায়। আমরা আর কোনো গোলযোগ চাই না।” তিনি আরও বলেন, দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছে, লড়াই করেছে। দীর্ঘ সংগ্রামের পর জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে একটি বড় পরিবর্তন এসেছে এবং মানুষ এখন নতুন সরকারের ওপর আশাবাদী।

সাবেক সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা ফ্যাসিস্ট ছিল তারা লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংকগুলো খালি করে টাকা বিদেশে পাচার করেছে এবং প্রশাসনকে পুরোপুরি ভেঙে দিয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলার লড়াই চলছে। তবে একটি পক্ষ ছোটখাটো ইস্যু নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী প্রতিভা নিয়ে আলোকপাত করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, কবিগুরু কেবল সাহিত্যচর্চাই করেননি, তিনি ছিলেন শোষিত কৃষকদের অকৃত্রিম বন্ধু। কৃষকদের দুর্দশা লাঘবে তিনি এখানে ব্যাংক স্থাপন করেছিলেন এবং আধুনিক কৃষি পদ্ধতির সূচনা করেছিলেন। রবীন্দ্রনাথকে যতবারই পড়া হয়, মনে হয় তাঁকে পূর্ণাঙ্গভাবে জানা এখনও বাকি।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং উর্ধ্বতন কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন।

সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরুর স্মৃতিবিজড়িত পতিসরে তাঁর জন্মজয়ন্তী ঘিরে রবীন্দ্রপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।