জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল: মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ণ
জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গত ৫০ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে বিএনপি। এ কারণে দলটির গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় প্রস্তাবিত মোল্লাচর সেতুর স্থান পরিদর্শন এবং জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’

এ সময় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মোল্লাচর সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করার আশ্বাস দেন তিনি।

এর আগে সকালে গজারিয়ার ভবেরচর বাজারের দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। পরে বিকেলে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে জেলার অবকাঠামোগত উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

সভায় তিনি বলেন, এবারের বাজেট কিছুটা ভিন্নধর্মী। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির গতি সচল রাখার লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নই একটি জাতিকে এগিয়ে নিতে পারে।

মুন্সীগঞ্জের ব্যবসায়ী ও বিত্তবানদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ নিজ এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হলে জেলার অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে মুন্সীগঞ্জের সম্ভাবনা আরও বাড়বে।

মতবিনিময় সভায় জেলার তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন