জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল
বিশেষ সংবাদদাতা: সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহিলা দলের নেত্রীরা মুফতি আমির হামজার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে এ ঘটনার রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তব্যকালে মহিলা দলের নেতাকর্মীরা বলেন, একজন নির্বাচিত নারী জনপ্রতিনিধিকে নিয়ে কুরুচিপূর্ণ বা কটূক্তিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উক্ত প্রতিবাদ মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী বাড়তি শিল্পীসহ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এআইএল/সকালবেলা