বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
মোঃ সেরাজুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে কথিত সাংবাদিক রেজাউল গ্রুপের বিরুদ্ধে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ও ইউপি সদস্য আইনাল হক।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের আয়োজনে বেলকুচি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বড়ধূল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউপি সদস্য আইনাল হক।
লিখিত বক্তব্যে আইনাল হক বলেন, গত রোববার বড়ধূল ইউনিয়ন পরিষদের আওতায় দুস্থ ও অসহায় মানুষের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জিআর-এর চাল বিতরণ করা হচ্ছিল। এমন সময় কথিত সাংবাদিক রেজাউল করিম, সোহরাওয়ার্দী, মনজুরুল ইসলাম ও রানাসহ কয়েকজন বিভিন্ন সরঞ্জাম নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে রেজাউল দাবি করেন যে একজনকে চালের দুটি স্লিপ দেওয়া হয়েছে। এরপর ঘটনা ধামাচাপা দিতে তারা ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে সংবাদের মাধ্যমে মানহানি করার হুমকি দেন।
আইনাল হক আরও জানান, চাল বিতরণ কার্যক্রম সরকারের নিযুক্ত ট্যাগ অফিসারের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। অহেতুক হয়রানি ও সামাজিক মানহানির ভয়ে তিনি লোকজনের কাছ থেকে হাওলাত করে রেজাউল ও তাঁর সহযোগী সোহরাওয়ার্দীকে ১০ হাজার টাকা দেন। টাকা নিয়ে স্থান ত্যাগ করার পর তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালান। পরে যোগাযোগ করা হলে দাবি করা পুরো টাকা না দেওয়ায় অপপ্রচার চালানো হয়েছে বলে জানান রেজাউল। এ ঘটনায় চাঁদাবাজ চক্রটির শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন অভিযোগ করেন, কথিত সাংবাদিক রেজাউল বিগত সরকারের আমলে সাবেক এমপির ঘনিষ্ঠ ছিলেন। ৫ আগস্টের পর তিনি বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি চালাচ্ছেন। তিনি স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম ও প্রশাসনের কাছে এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বড়ধূল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবু তাহের লাবলু, বিএনপি নেতা মফিজ উদ্দিন, জেলহক, শাহান তালুকদার, সুমন শেখসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা