রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ণ
রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদদাতা: ঢাকা মহানগরীতে চলমান মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজের কারণে উদ্ভূত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনদের সমন্বয়ে প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নগরবাসীকে স্বস্তি দেওয়া এবং একই স্থানে বারবার খোঁড়াখুঁড়ি বন্ধের লক্ষ্যে সব মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সমন্বয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা ও ডেসাসহ বিভিন্ন সংস্থার কাজ তদারকিতে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আধুনিক ট্রাফিক সিস্টেম চালুর ফলে নগরে দৃশ্যমান শৃঙ্খলা আসছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, রাজধানীর ওপর ট্রাফিক চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মূল সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে নীতিমালার কাজ চলছে এবং অবৈধ চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়; আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভার মতামতের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো নাশকতা প্রতিহত করতে সতর্ক রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন