বরিশালে আইনজীবীর সহকারীর লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
বরিশালে আইনজীবীর সহকারীর লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন।

খবর পেয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে পুলিশ ওই বাসা থেকে লাশ উদ্ধার করে। পরে সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ঘটনাটি ঘটেছে বরিশাল মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ ইছাকাঠি কলোনির একটি ভাড়া বাড়িতে। নিহত নুরুজ্জামান হাওলাদার (৫৫) পেশায় বরিশাল আদালতের এক আইনজীবীর সহকারী (মুহুরি) ছিলেন। তিনি মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। কর্মসূত্রে তিনি স্ত্রীকে নিয়ে ইছাকাঠী এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নুরুজ্জামানের সঙ্গে তাঁর স্ত্রী নাসিমা বেগমের পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। পুলিশ ও স্থানীয়দের ধারণা, সোমবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর কলহের একপর্যায়ে নাসিমা বেগম তাঁর স্বামী নুরুজ্জামানকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে ঘরের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে তিনি আত্মগোপন করেন।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানান, ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক স্ত্রীকে আটক ও হত্যাকাণ্ডের সঠিক কারণ উন্মোচনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন