পদ্মায় পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ণ
পদ্মায় পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ

কাঞ্চন কুমার, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে এসে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী একটি বাল্কহেড নৌকার সাথে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, ঝিনাইদহের শৈলকুপা থেকে একটি ব্যবসায়ী দল ভেড়ামারার সোলাইমান শাহের মাজারে ঘুরতে আসেন। মাজার জিয়ারত শেষে ফেরার পথে নদী ও স্রোতের তীব্রতায় হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারের সাথে নৌকাটির পেছনের অংশের সজোরে ধাক্কা লাগে। এতে রকি, লিটন ও ওহাব নামের তিনজন নদীতে পড়ে যান। পরবর্তীতে লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত জানান, খবর পেয়েই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। পদ্মায় তীব্র স্রোত এবং রাতের অন্ধকারের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হলেও খুলনা থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল এনে উদ্ধার তৎপরতা চালানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন