মাদ্রাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্র: বাংলাদেশ খেলাফত মজলিস

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
মাদ্রাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্র: বাংলাদেশ খেলাফত মজলিস

বিশেষ সংবাদদাতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আলিয়া মাদ্রাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মতে, এই নির্দেশনা ইসলামী শিক্ষা ব্যবস্থার মৌলিক স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।

আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আগামী ৯ আগস্ট অনুষ্ঠিতব্য ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সব আলিয়া মাদ্রাসাকে দাখিল (৬ষ্ঠ-১০ম শ্রেণি) ও আলিম (১ম ও ২য় বর্ষ) পর্যায় থেকে পৃথকভাবে ছাত্র ও ছাত্রী নিয়ে ফুটবল দল গঠনপূর্বক আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বোর্ডে তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এটি মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করার শামিল।

মাওলানা জালালুদ্দীন বলেন, "দেশের আলিয়া মাদ্রাসাগুলো সুনির্দিষ্ট ইসলামী আদর্শ ও শরয়ী বিধানের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। খেলাধুলার অজুহাতে মাদ্রাসার সেই স্বতন্ত্র পরিচয় বিনষ্ট করা এবং ধর্মীয় পরিবেশে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের যেকোনো অপচেষ্টা এ দেশের তৌহিদী জনতা মেনে নেবে না।"

সরকারের নীতিনির্ধারকদের সতর্ক করে খেলাফত মজলিসের মহাসচিব অভিযোগ তোলেন, প্রশাসনের অভ্যন্তরে সক্রিয় একটি সুসংগঠিত ইসলামবিরোধী চক্র সময় সময় এমন বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। রাজনৈতিক পরিবর্তন হলেও এই চক্রটি বহাল থেকে তাদের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অবিলম্বে মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারিকৃত উক্ত সার্কুলার প্রত্যাহার, সংশ্লিষ্ট নির্দেশনা বাস্তবায়নে চাপ সৃষ্টি বন্ধ করা এবং মাদ্রাসা শিক্ষার ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষায় কার্যকর প্রশাসনিক উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন