দেশ সংকটের মুখোমুখি, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: মিয়া গোলাম পরওয়ার

রকিব মুহাম্মদ
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ণ
দেশ সংকটের মুখোমুখি, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, খুলনা: সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২ মে) সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। “গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ” শীর্ষক এই সেমিনারের আয়োজন করে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী।

সেমিনারে গোলাম পরওয়ার বলেন, দেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারের বিভিন্ন পদক্ষেপ ও জনমতের অবজ্ঞা দেশকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অস্থিতিশীল করে তুলছে। বিশেষ করে গণভোটের রায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের বিপরীতমুখী অবস্থান জাতীয় সংকটকে আরও ঘনীভূত করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, গণতান্ত্রিক পন্থায় জনমতের প্রতিফলন ঘটানো না গেলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে এবং বিদ্যমান সংকট কাটাতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারে জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জাতীয় সংকট নিরসনে ঐক্যবদ্ধ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। 

মন্তব্য করুন