ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ ব্রুনেই দারুসসালাম হাইকমিশনের রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওসমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১ মার্চ) সকালে গুলশানে অবস্থিত হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ ইসলামি শিক্ষা, জনশক্তি খাতে সহযোগিতা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ ও ব্রুনেইয়ের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে আমিরে মজলিস মাওলানা মামুনুল হক বলেন, "ব্রুনেই একটি সমৃদ্ধ ও শান্তিময় মুসলিম রাষ্ট্র। দেশটির সঙ্গে বাংলাদেশের ইসলামি সংগঠনগুলোর সম্পর্ক আরও গভীর ও প্রাতিষ্ঠানিকভাবে বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে ইসলামি শিক্ষা, নৈতিক মূল্যবোধভিত্তিক সামাজিক উন্নয়ন, হালাল শিল্প ও দাওয়াহ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই কল্যাণকর হতে পারে।"
রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওসমান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আনুষ্ঠানিক সহযোগিতার কাঠামো নির্মাণে আগ্রহ প্রকাশ করেন এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, আমিরে মজলিসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং ব্রুনেই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হাজী রোজাইমি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ