সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

রাজনৈতিক প্রতিবেদক: বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে গঠিত সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) বেলা ৪টায় রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত পর্যালোচনা শেষে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের প্রাথমিক ও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে দলীয় পদ ও পদবি থেকে তাঁকে বহিষ্কারের এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার বিষয়েও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

মন্তব্য করুন