ধামরাই-সাভার কাঁপানো সেই দুই নারী এবার ঢাকা উত্তর এনসিপির নেতৃত্বে

ধামরাই-সাভার কাঁপানো সেই দুই নারী এবার ঢাকা উত্তর এনসিপির নেতৃত্বে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এক দফার বিপ্লব-পরবর্তী রাজনীতিতে এবার নারীদের হাতেই বড় দায়িত্ব তুলে দিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে লড়াই করে আলোচনায় আসা দুই শক্তিশালী নারী মুখ নাবিলা তাসনিদ ও দিলশানা পারুলকে দেওয়া হয়েছে ঢাকা জেলা উত্তরের নেতৃত্বের ব্যাটন।

সোমবার (১৬ মার্চ) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে প্রকৌশলী নাবিলা তাসনিদকে আহ্বায়ক এবং সালামত উল্লাহ রনিকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া গত নির্বাচনে সাভারে বিপুল ভোট পেয়ে সাড়া জাগানো দিলশানা পারুলকে করা হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ধামরাই ও সাভারের শিল্পাঞ্চলে এই দুই নারী প্রার্থীর লড়াই ছিল টক অফ দ্য কান্ট্রি। পেশাদারিত্ব ও রাজনৈতিক সাহসিকতার মেলবন্ধনে তাঁরা সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। এখন তাঁদের কাঁধেই ন্যস্ত হলো ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক ভিত্তি মজবুত করার গুরুভার। আগামী ৬ মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত এই কমিটিকে ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় দপ্তর।

কমিটির অন্যান্য পদে যুগ্ম আহ্বায়ক হিসেবে ফয়সাল হোসেন খান ও জুলকার নাইন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মোহাম্মদ মেহেদী হাসানকে রাখা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি শহীদুল্লাহ শুয়াইবসহ আরও দুই তরুণ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি তাদের কাঠামোতে নারী নেতৃত্ব ও তারুণ্যের মিশেল ঘটিয়ে ঢাকা উত্তরের রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন