হিরোশিমায় পিস পার্ক ও মিউজিয়াম পরিদর্শন করলেন জামায়াত আমির

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
হিরোশিমায় পিস পার্ক ও মিউজিয়াম পরিদর্শন করলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জাপানের হিরোশিমা শহরের পিস মেমোরিয়াল পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৬ মে ২০২৬) তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক হামলার স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় ঘটে যাওয়া ভয়াবহ পারমাণবিক হামলার করুণ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেখানে রক্ষিত ঐতিহাসিক নিদর্শন এবং পারমাণবিক বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত ভবনের ভগ্নাবশেষ পর্যবেক্ষণ করেন, যা আজও যুদ্ধের ভয়াবহতার নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় ‘লিটল বয়’ এবং ৯ আগস্ট নাগাসাকিতে ‘ফ্যাট ম্যান’ নামের দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ঐ বছরের ডিসেম্বরের মধ্যে হিরোশিমায় ১ লাখ ৪০ হাজার এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষের মৃত্যু হয়। পরবর্তীতে তেজস্ক্রিয়তার প্রভাবে কয়েক দশক ধরে অসংখ্য মানুষ অকালে প্রাণ হারান।

রিদর্শনকালে জামায়াত আমিরের সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন (এমপি) এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান (এমপি)। এ সময় হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক এবং সেখানে গবেষণারত প্রবাসী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বিশ্বশান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং যুদ্ধের বিভীষিকা থেকে মানবজাতিকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন