নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে সাংগঠনিক কোনো বিভক্তি বা ফাটল নেই বলে স্পষ্ট জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, "আজকের এই বৈঠকের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে, আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ।"
আজ রোববার (১৭ মে) সকালে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় এই শীর্ষ দুই নেতার মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা বলেন মাওলানা মামুনুল হক। তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সম্প্রতি ১১ দলীয় নির্বাচনি ঐক্য গঠন করা হয়েছে।
মাওলানা মামুনুল হক আরও বলেন, "এই জোটে এমন কিছু রাজনৈতিক দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে আমাদের চেয়ে ভিন্নমত পোষণ করে। তবে বর্তমান জাতীয় পরিস্থিতির বিশেষ প্রয়োজনেই এই রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হয়েছে।"
সবচেয়ে আলোচিত বিষয়ে জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আমাদের আকিদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য আগে যেমন ছিল, এখনো ঠিক তেমনই রয়েছে। এই রাজনৈতিক সমন্বয় বা জোট গঠন কোনোভাবেই আদর্শিক বা আকিদাগত ঐক্য নয়, বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে এটি একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য মাত্র।"
তিনি জোর দিয়ে বলেন, হেফাজতে ইসলাম কোরআন-সুন্নাহভিত্তিক আদর্শ অনুসরণ করে পরিচালিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ঐক্যবদ্ধ শক্তি। দেশ ও ইসলামের স্বার্থে যেকোনো দেশীয় বা আন্তর্জাতিক আঘাতের বিরুদ্ধে এই সংগঠনটি অতীতের মতোই রাজপথে শক্ত ভূমিকা রাখবে।
সাক্ষাৎকালে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের নিহত কর্মীদের জীবনীভিত্তিক স্মারকগ্রন্থ ‘শহীদনামা’ আমিরে হেফাজতের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির সালাহউদ্দিন নানুপুরী, মাহফুজুল হক, জসিমউদ্দীন, আলী উসমান, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ।