ব্যভিচার প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: হারুনুর রশিদ
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: যেকোনো সংসদ সদস্য বা দায়িত্বশীল ব্যক্তি জেনা ও ব্যভিচারের মতো অপরাধে জড়িত প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সেবাদান কার্যক্রম ডিজিটালাইজেশনের লক্ষ্যে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক সংসদ সদস্যের অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ার প্রসঙ্গে টেনে হারুনুর রশিদ বলেন, "ধর্মের লেবাস পরে যারা রাজনীতি করছেন, তাদের মুখের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। সমাজে এসব অনৈতিকতা ও অপরাধ ছড়িয়ে পড়ার পেছনে এমন ভণ্ড মানসিকতাই দায়ী। ব্যভিচার ও জেনায় জড়ানোর অভিযোগ প্রমাণিত হলে সরকারের উচিত সরাসরি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করা, তা তিনি সংসদ সদস্য হলেও।"
সরকারের বিরুদ্ধে নানা রাজনৈতিক ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "সরকারকে হুট করে উৎখাত করা অত সহজ নয়। এসব অপকর্মের তদন্ত করতে গেলে একটি গোষ্ঠী সবসময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।"
হাসপাতালের আধুনিকায়ন ও অটোমেশন ব্যবস্থা নিয়ে জেলা পরিষদের প্রশাসক বলেন, "জেলা পরিষদের বিশেষ উদ্যোগে আজ হাসপাতালে ডিজিটাল সেবাদান কার্যক্রমের শুভ সূচনা হলো। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রূপ পাবে। এই পদ্ধতির ফলে রোগীদের চিকিৎসাসংক্রান্ত তথ্য ও প্রেসক্রিপশন ডিজিটাল ডাটাবেজে সংরক্ষিত থাকবে।"
তিনি আরও জানান, অটোমেশন ব্যবস্থার আওতায় হাসপাতালের ফার্মেসি, প্যাথলজিক্যাল টেস্ট ও এক্স-রে রিপোর্ট সরাসরি চিকিৎসকের কাছে পৌঁছে যাবে। এর ফলে ওষুধের সঠিক মজুত ও বিতরণে স্বচ্ছতা আসবে এবং রোগীরাও তাঁদের সমস্ত পরীক্ষার রিপোর্ট ডিজিটাল পদ্ধতিতে দ্রুত পেয়ে যাবেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমও মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক এবং মাসিদুল হক নিখিলসহ স্থানী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এআইএল/সকালবেলা
|