গেরুয়ার প্রভাব প্রতিহত করতে ঐক্যের ডাক পাটওয়ারীর

রাকিবুল হাসান
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ণ
গেরুয়ার প্রভাব প্রতিহত করতে ঐক্যের ডাক পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক উত্থান ও প্রভাবকে ইঙ্গিত করে দেশীয় রাজনীতিতে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

তিনি বলেছেন, “গেরুয়া পতাকা এখন বাংলাদেশের খুব কাছাকাছি চলে এসেছে। এই পরিস্থিতিতে মুসলমানরা যদি সচেতন ও ঐক্যবদ্ধ না থাকে, তবে এই প্রভাব প্রতিহত করা কঠিন হয়ে পড়বে।”

শুক্রবার (৮ মে ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক ও নৈতিক পরিবর্তনের জন্য মসজিদভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি বলেন, “মসজিদের সঙ্গে যদি শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তামূলক উদ্যোগ যুক্ত করা যায়, তবে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। বিশেষ করে অসহায় নারী, এতিম ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে মসজিদ কমিটিগুলোকে অগ্রণী ভূমিকা নিতে হবে।”

বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে বহু আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব নানাভাবে নির্যাতন ও চাপের মুখে ছিলেন। সেই অবস্থা থেকে উত্তরণে একটি সুসংহত ও ঐক্যবদ্ধ সামাজিক কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি।

এদিকে জুমার নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী মসজিদ থেকে বের হওয়ার সময় নেতাকর্মী ও উৎসুক মুসল্লিদের ভিড়ে ব্যাপক হুড়োহুড়ির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের চাপে মসজিদের পেছনের ফটকের কাঁচ ভেঙে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন