গলাচিপা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
গলাচিপা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহাগ প্যাদাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গতকাল রবিবার (১৪ জুন) দিবাগত গভীর রাতে গলাচিপা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত বাদশাহ প্যাদার ছেলে।

গলাচিপা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ প্যাদার বিরুদ্ধে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

রবিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সোহাগ প্যাদা পৌর এলাকার টিঅ্যান্ডটি রোড সংলগ্ন তাঁর নিজ বাসায় অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে গলাচিপা থানার একটি বিশেষ দল সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “আসামি সোহাগ প্যাদার বিরুদ্ধে থানায় বিস্ফোরক ও নাশকতাবিরোধী সুনির্দিষ্ট মামলা রয়েছে। আজ সোমবার (১৫ জুন) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশনা শেষে তাঁকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন