এমপি মনিরুলকে তওবা করে ক্ষমা চাইতে হবে: মুফতি ফয়জুল করীম
বিশেষ প্রতিবেদক: জাতীয় সংসদে হিজাব ও বোরকা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরীকে অবিলম্বে তওবা করে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম। মনিরুল হকের এই বক্তব্যকে ইসলামের ‘পর্দা বিধানের ওপর সরাসরি আঘাত’ আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলার মুসলমান তাঁকে কোনো অবস্থাতেই ছেড়ে দেবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা এমপি মনিরুল হকের পোশাক ও দাড়ি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। মনিরুল হকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “এমপি মনিরুল হক চৌধুরীর দাড়ি আর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি একই রকম। উনার দাড়ি যেমন ইসলামের সুন্নাহ অনুযায়ী নয়, তেমনি উনার পোশাক-আশাকও ইহুদি ও খ্রিস্টানদের সংস্কৃতির মতো।”
মুফতি ফয়জুল করীম কড়া ভাষায় বলেন, পর্দা বা বোরকার মতো অবধারিত ধর্মীয় অনুশাসন নিয়ে জাতীয় সংসদের মতো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করা চরম ধৃষ্টতা। এই বক্তব্য দেশের কোটি কোটি সাধারণ তাওহীদি জনতার ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত হেনেছে। একজন মুসলমান সংসদ সদস্য হয়ে ইসলামের মৌলিক বিধান নিয়ে সংসদে এমন উপহাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও উল্লেখ করেন, যদি অবিলম্বে মনিরুল হক চৌধুরী তাঁর এই ইসলামবিদ্বেষী বক্তব্য প্রত্যাহার করে তওবা না করেন এবং মুসলিম উম্মাহর কাছে ক্ষমা না চান, তবে দেশের ধর্মপ্রাণ মানুষ রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
এআইএল/সকালবেলা
|