গবেষণার অভাবে জিয়াউর রহমানের অবদান আড়ালে থেকে যাচ্ছে: বিএনপি মহাসচিব

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ণ
গবেষণার অভাবে জিয়াউর রহমানের অবদান আড়ালে থেকে যাচ্ছে: বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যাপ্ত গবেষণা না হওয়ায় বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রবিবার (১৪ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা অত্যন্ত অপ্রতুল। ফলে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না।

তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশের স্বকীয় পরিচয় প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তিনি দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন।

বিএনপি মহাসচিবের ভাষ্য, গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন। জিয়াউর রহমান সেই লক্ষ্যেই কাজ করেছিলেন এবং রাজনৈতিক কাঠামোকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন।

তিনি আরও বলেন, শুধু খাল খনন নয়, গবেষণা প্রতিষ্ঠান, সুগারকেন ইনস্টিটিউটসহ বিভিন্ন উন্নয়ন ও গবেষণামূলক খাতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন।

মন্তব্য করুন