নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত ‘জুলাই যোদ্ধাদের’ শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৯ মে ২০২৬) ব্যাংককের বিখ্যাত ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে সশরীরে গিয়ে তিনি আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
থাইল্যান্ড সফররত জামায়াত আমির হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে গুরুতর আহতদের সাথে সাক্ষাৎ করেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহতদের জন্য সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার অনুরোধ জানান। বিপ্লবে অংশ নিয়ে যারা আজ পঙ্গুত্ব বরণ বা গুরুতর আঘাত নিয়ে চিকিৎসাধীন, তাদের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব হিসেবে অভিহিত করেন তিনি।
আহতদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, "জুলাই বিপ্লবের এই বীরেরা দেশের সম্পদ। তাদের ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।" তিনি মহান আল্লাহর কাছে আহতদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)।
উল্লেখ্য, জুলাই বিপ্লবে আহতদের একটি অংশকে সরকারি ও বেসরকারি উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডসহ বিদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। জামায়াত আমিরের এই সফর আহতদের মানসিক মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।