দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এমপি বাচ্চুকে বিএনপির শোকজ

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ণ
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এমপি বাচ্চুকে বিএনপির শোকজ
বিএনপির কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ পাঠানো হয়। চিঠিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে ফখর উদ্দিন আহমেদের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ময়মনসিংহের ভালুকা এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছিল ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে। সেই সময় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে দল থেকে বহিষ্কার করেছিল হাইকমান্ড।

এবারের শোকজ চিঠিতে পূর্বের সেই বহিষ্কার ও ক্ষমার প্রসঙ্গটি স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, ‘৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে আপনাকে গত ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করার পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক উক্ত বহিষ্কারাদেশ গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে প্রত্যাহার করে আপনার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দল থেকে মার্জনা পাওয়ার পরও সংসদ সদস্য বাচ্চু ও তার অনুসারীরা পূর্বের আচরণ শুধরে নেননি। এতে বলা হয়, ‘কিন্তু আপনি ও আপনার ঘনিষ্ঠ লোকজন আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানা ধরনের অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে।’

এমপি বাচ্চুর উদ্দেশে চিঠিতে কড়া নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কার্যকলাপের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দলীয় পদ ফিরে পাওয়ার পর আবারও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই সংসদ সদস্যকে ঘিরে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন