এগারসিন্দুরে চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিনের ২০ দফা ইশতেহার ঘোষণা

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ
এগারসিন্দুরে চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিনের ২০ দফা ইশতেহার ঘোষণা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৪নং এগারসিন্দুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মোঃ শাহাব উদ্দিন জনগণের কল্যাণ ও ইউনিয়নের সার্বিক উন্নয়নকে সামনে রেখে ২০ দফা ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এগারসিন্দুর ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, একটি ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, যুবসমাজ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, পরিবেশ ও নাগরিক সেবার সমন্বিত উন্নয়ন প্রয়োজন।

ঘোষিত ২০ দফা ইশতেহারে তিনি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার কথা উল্লেখ করেছেন।

এছাড়া বেকার যুবকদের কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং মাদক ও জুয়া প্রতিরোধে সামাজিক উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইশতেহারে কৃষকদের পাশে দাঁড়ানো, খাল-বিল ও মৎস্যসম্পদ সংরক্ষণ, নারীদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা, বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধীসহ অসহায় মানুষের সরকারি সুবিধা প্রাপ্তিতে সহযোগিতা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ও গুরুত্ব পেয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসনে খাল-নালা সংস্কার, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করার কথাও ২০ দফা ইশতেহারে তুলে ধরা হয়েছে।

দুর্যোগের সময় দ্রুত সহায়তা প্রদান, প্রবীণ ও অসহায় মানুষের জন্য বিশেষ সামাজিক উদ্যোগ এবং প্রতিটি ওয়ার্ডে জনগণের মতামত নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাব উদ্দিন।

ইশতেহারের শেষ দফায় দল-মত নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাব উদ্দিন বলেন, “কথার ফুলঝুরি নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও জনসম্পৃক্ত উন্নয়নের মাধ্যমে এগারসিন্দুর ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর পরামর্শ, সহযোগিতা ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া, নাগরিক সেবার মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়গুলোকে ইশতেহারে অন্তর্ভুক্ত করায় প্রার্থীর ঘোষিত পরিকল্পনাটি ইউনিয়নের বিভিন্ন নাগরিক প্রয়োজনকে কেন্দ্র করে সাজানো হয়েছে বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন