মিঠাপুকুরে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. ফজলুল হক ফজলুকে রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। তাঁকে নির্বাচনী মাঠ থেকে সরাতে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. নাজমুল হক ইমন কৌশলে ইয়াবা দিয়ে গ্রেপ্তার করিয়েছেন বলে দাবি করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফজলুল হক লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি দীর্ঘদিন লতিবপুর ইউনিয়ন যুবদল ও বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু গত ২০ মে ব্যবসায়িক কাজে রংপুরের মাহিগঞ্জে গেলে পূর্বপরিকল্পিতভাবে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে ইয়াবাসহ আটক দেখানো হয়। গ্রেপ্তারের পর থানা থেকে ছাড়ানোর কথা বলে নাজমুল হক ইমন তাঁর পরিবারের কাছ থেকে ৩১ হাজার টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর ইমনের রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে যাওয়া নিয়ে দলের ভেতরে-বাইরে প্রশ্ন উঠেছে বলে ফজলুল হক জানান।
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা নাজমুল হক ইমন দাবি করেন, ফজলুল হক গ্রেপ্তার হওয়ার পর মানবিক কারণে তিনি কেবল সহায়তা করতে এগিয়ে গিয়েছিলেন এবং তিনি কোনো চক্রান্তের সাথে জড়িত নন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফজলুল হক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার আকুতি জানান এবং পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে দলের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
এআইএল/সকালবেলা
|