পীরগাছায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পীরগাছা সরকারি কলেজ থেকে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টিসহ বিভিন্ন উপকরণের মাধ্যমে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবী দল, মহিলা দল, জিয়া পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আফছার আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলের অবদান তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনের গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এআইএল/সকালবেলা