নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ণ
নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপন খান রবিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে নাগরপুর বাসস্ট্যান্ড থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁচাবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। যেকোনো দেশবিরোধী চক্রান্ত রাজপথে থেকে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেন তাঁরা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন