স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির মধ্যে হাতাহাতি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির মধ্যে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, সাভার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতিকালে জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৬ মার্চ ২০২৬) সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এ সময় জাতীয় পার্টির অন্তত একজন নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাস্থলে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং ছাত্রশক্তির পক্ষে জাকসুর সমাজসেবা সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যানার ও ফুল নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকা অবস্থায় একটি গ্রুপ পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তি দাবি করেছে, শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিল। তখন ছাত্রশক্তির পক্ষ থেকে ‘মুজিববাদের দালালেরা হুশিয়ার’সহ বিভিন্ন স্লোগান দিলে জাতীয় পার্টির একজন নেতা তাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের ওপর হামলা করেন। এর প্রতিক্রিয়া হিসেবে ছাত্রশক্তির নেতাকর্মীরা জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলে।

ঘটনার প্রতিক্রিয়ায় শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, “হামলাকারীরা একাত্তর বিরোধী চক্র হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমাদের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে।” তিনি আরও দাবি করেন, নীল নকশার মাধ্যমে জাতীয় পার্টিকে সংসদ থেকে সরানো হলেও তারা পুনরায় শক্তিশালী হয়ে ফিরে আসবে।

আহসান লাবীব পাল্টা অভিযোগ করে বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকেই আগে হামলা চালানো হয়েছে, তারা শুধু তার প্রতিবাদ করেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্মৃতিসৌধ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।