মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গিয়ে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জেনেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

এর আগে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) তাকে ভর্তি করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন