ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইসি ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির
নির্বাচন কমিশনের (ইসি) কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠপর্যায়ের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসি ও প্রশাসনের কিছু কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বিভিন্ন নির্বাচনি এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসপি ও ওসিসহ দায়িত্বশীল কর্মকর্তারা ন্যক্কারজনকভাবে একটি দলের পক্ষে কাজ করছেন। তিনি বলেন, বিএনপি সবসময় ইসিকে সহযোগিতা করলেও কিছু ক্ষেত্রে কমিশনের পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থান থেকে সরে এসে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কপি, বিকাশ ও মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধ। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে একটি দল অনৈতিক কৌশলে ঢাকার বাইরে থেকে ভোটার স্থানান্তর করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করেছে বিএনপি। পাশাপাশি আচরণবিধি মানার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগও তোলেন তিনি।
পোস্টাল ব্যালট ও প্রবাসী ভোটারদের ভোটদান প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, ব্যালট পেপার মুদ্রণ ও প্রতীক বরাদ্দের ক্ষেত্রে যেন কোনো দল বিশেষ সুবিধা না পায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
ইসির ওপর আস্থা প্রসঙ্গে তিনি বলেন, উত্থাপিত সমস্যাগুলো সমাধান করা হলে এই কমিশনের পক্ষেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকরিয়া উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ