জনগণ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর

জনগণ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “বাংলার মানুষ ভারত আর আমেরিকার তথাকথিত ইনসাফ দেখতে চায় না। আমরা ভারত ও আমেরিকার ইনসাফ দেখেছি; সেখানে ইনসাফের নামে কেবল জুলুমই আছে।”

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমের পক্ষে নির্বাচনী প্রচারনা চালান এবং তাদের হাতে প্রতীক তুলে দেন।

বক্তব্যে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, “জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। তারা স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরীয়াহ আইনে দেশ চালাবে না বরং প্রচলিত নিয়মে দেশ চালাবে। ৫৪ বছর ধরে প্রচলিত নিয়মে দেশ চালিয়ে কি ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে? এই নিয়মে দেশ চালিয়ে কেবল হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে এবং মানুষ গুম-খুনের শিকার হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “জামায়াতের প্রার্থী কৃষ্ণনন্দী নিজেই বলেছেন তারা কোনো ইসলামী দল না। তাহলে তারা ক্ষমতায় গেলে কোন আদর্শে দেশ চালাবে? যারা ইসলামের নাম নিয়ে ক্ষমতায় গিয়ে প্রচলিত জাহেলিয়াত টিকিয়ে রাখতে চায়, তাদের থেকে দেশ ও ইসলাম নিরাপদ নয়।”

লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট আলেম মুফতি রেজাউল করিম আবরার। এছাড়া আরও বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ এবং ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে হাতপাখার প্রার্থীদের বিজয়ী করতে কমলনগর ও রামগতি এলাকার ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন চরমোনাই পীর।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন