ফেনীতে ‘ঈগল’ ও ‘গণভোট’ সমর্থনে শিবিরের তারুণ্যের সাইকেল যাত্রা

প্রকাশ: শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ণ
ফেনীতে ‘ঈগল’ ও ‘গণভোট’ সমর্থনে শিবিরের তারুণ্যের সাইকেল যাত্রা

জহিরুল হক মিলন, ফেনী: ফেনী-২ (সদর) আসনে জামায়াত জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ‘ঈগল’ প্রতীক এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার সমর্থনে এক বর্ণাঢ্য ‘তারুণ্যের সাইকেল যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার আয়োজনে শহরের পাইলট মাঠ থেকে এই যাত্রা শুরু হয়, যেখানে প্রায় তিন শতাধিক তরুণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু গতকাল ঢাকায় শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “যে পুলিশ হাদি হত্যার খুনিদের ধরতে পারে না, তারা নিরীহ ছাত্রদের ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে যে তারা এখনো ফ্যাসিবাদের তাবেদারিতে ব্যস্ত। আমরা এই ন্যাক্কারজনক হামলার বিচার চাই।”

তিনি আরও বলেন, “তরুণরাই রাষ্ট্র বদলাবে। ৪৭, ৭১, ৯০ এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে তরুণরা রক্ত দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। পুরাতন গ্লানি মুছে দিয়ে লড়াইয়ের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে এই তারুণ্যই।”

শিবিরের শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর সাবেক জিএস সাঈদ বিন হাবীব ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম। এছাড়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, শিবিরের সাবেক শহর সভাপতি তারেক মাহমুদ ও মইনুল ইসলাম জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জে.এইচ.এম/সকালবেলা

মন্তব্য করুন