১৯ জুন রাজধানীতে ‘উইমেনস জব ফেয়ার
নিজস্ব প্রতিবেদক: নারীদের কর্মসংস্থান নিশ্চিতকরণ, ক্যারিয়ার উন্নয়ন এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরিতে রাজধানীর গুলশানে আয়োজিত হতে যাচ্ছে ‘উইমেনস জব ফেয়ার ২০২৬’। আগামী ১৯ জুন গুলশানের এলিট কনভেনশন হলে এই মেলা অনুষ্ঠিত হবে। এটিবি জবসের আয়োজনে একদিনব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
বুধবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন এটিবি জবসের সিইও সুনকি সুগায়া। তিনি জানান, এই মেলায় পাঁচ হাজারের বেশি নারী চাকরিপ্রার্থী এবং ৫০টির বেশি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
মেলায় আড়ং, প্রাণ, হামিম গ্রুপ, লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি, এসটিএস গ্রুপ, সাজিদা ফাউন্ডেশন, সিনজেনটা বাংলাদেশ, ফকির ফ্যাশন, অগমেডিক্স বাংলাদেশসহ বিভিন্ন খাতের ৫০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালনা করবে।
শুধুমাত্র চাকরির সুযোগ নয়, মেলায় থাকছে নানা ধরনের সুযোগ-সুবিধাবিশেষজ্ঞদের সরাসরি পরামর্শ এবং কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।মেলা প্রাঙ্গণেই জীবনবৃত্তান্ত জমা এবং প্রাথমিক সাক্ষাৎকারের সুবিধা।জাপানি কিমোনো পরিধানের অভিজ্ঞতা, ঐতিহ্যবাহী জাপানি খাবারের স্বাদ গ্রহণ এবং সেলফি কর্নার।মা ও শিশুদের সুবিধার্থে থাকছে ডেডিকেটেড ব্রেস্টফিডিং জোন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এটিবি জবসের সিওও রেই তাকাহাশি, সিএমও সিজুকা সাকাই এবং লিড মার্কেটিং মাহাদী হাসান। আয়োজকরা জানিয়েছেন, এটি নারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এবং দেশের শ্রমবাজারে নারী অংশগ্রহণ বাড়াতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
জান্নাত সকালবেলা
|