যে কারণে ডিবি প্রধান হারুনের ওপর বিরক্ত ছিল শেখ হাসিনা

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
যে কারণে ডিবি প্রধান হারুনের ওপর বিরক্ত ছিল শেখ হাসিনা
ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে খাবারের টেবিলের বহুল আলোচিত দৃশ্য ও তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশীদ।

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে খাবারের টেবিলে বসিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তৎকালীন গোয়েন্দা প্রধান (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের ওপর চরম ক্ষুব্ধ ও অনমনীয় হয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাবেক শীর্ষ নেতাদের অডিও ফোনালাপ পেশ করে এ তথ্য উন্মোচন করেন।

পেশ করা অডিও রেকর্ডে দেখা যায়, ২০২৪ সালের ৩১ জুলাই ডিবি থেকে বদলি ঠেকানোর জন্য তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করেন ডিবি প্রধান হারুন। সে সময় আকুতি জানিয়ে হারুন বলেন, "স্যার, এটা (স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলা) যদি অহন স্যার না করেন, তাহলে কিন্তু অর্ডার এহন করে দিবে স্যার। আমি নাই স্যার। ডিবিতে নাই স্যার।"

পরবর্তীতে ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মধ্যে অন্য একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়। কথোপকথনে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, "হারুনকে কি সরায়ে দিচ্ছেন?" জবাবে আসাদুজ্জামান খান বলেন, "উনি (শেখ হাসিনা) তো খুব অ্যাডামেন্ট (অনমনীয়)। আমরা সরাই নাই। উনি বলছিলেন অন্য খানে দিতে। আমি ডিএমপিতেই রেখে দিছি। মানে ড্রেসটা পরিবর্তন করে দিচ্ছি।"

একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী হারুনের বিষয়ে শেখ হাসিনাকে রাজি করানোর জন্য ওবায়দুল কাদেরকে অনুরোধ করে বলেন, "আপনি একটু বলেন, বলতে বলতে আমি টায়ারড হয়ে গেছি। আপনি একটু না বললে আমি আর সাহস পাচ্ছি না। সব ‘ডিমোরালাইজড’ হয়ে যাবে।" জবাবে ওবায়দুল কাদের তাকে বিষয়টি সরাসরি শেখ হাসিনাকে জানাতে বলেন এবং তৎকালাীন আইজিপির সঙ্গে পরামর্শের তাগিদ দেন।

উল্লেখ্য, এই রাজনৈতিক ফোনালাপ ও টানাপোড়েনের পর ২০২৪ সালের ৩১ জুলাই হারুন অর রশীদকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে বদলি করা হয়েছিল।

মন্তব্য করুন