জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস উদযাপন, সরকারি সভা এবং অন্যান্য সকল প্রশাসনিক প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও আসন নিশ্চিত করতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে সম্প্রতি দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে এই সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়েছে।
প্র প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন আনুষ্ঠানিকতায় আসন বিন্যাস, প্রাতিষ্ঠানিক চিঠিপত্র আদান-প্রদান এবং যেকোনো আমন্ত্রণপত্রে নাম ও পদের ক্রম নির্ধারণের ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অক্ষোদে অনুসরণ করতে হবে। এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের জন্য নির্ধারিত প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা, সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
নির্দেশনাটি মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রতি প্রয়োজনীয় ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
চিঠির অনুলিপি অবগতি ও পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট সকল বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান এবং স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিবসহ মোট ১১টি শীর্ষ দপ্তরে পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই অফিসিয়াল নির্দেশনায় বলা হয়েছে, সরকারি যেকোনো জাতীয় ও স্থানীয় আয়োজনে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) শতভাগ অনুসরণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
স্থানীয় সরকার বিভাগ আশা প্রকাশ করছে, এই সুনির্দিষ্ট বার্তা বাস্তবায়নের ফলে জেলা পর্যায়ে আয়োজিত সরকারি অনুষ্ঠান ও সভাগুলোতে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা এতদিন ধরে থাকা যেকোনো বিভ্রান্তি এড়িয়ে তাঁদের কাঙ্ক্ষিত ও প্রাপ্ত রাষ্ট্রীয় প্রটোকল সুনির্দিষ্টভাবে পাবেন।