কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ ৯ দফা দাবি উলামা-মাশায়েখদের
আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের সব ধরণের প্রচারসামগ্রী ও প্রকাশনা নিষিদ্ধ এবং মুসলমানদের ধর্মীয় পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিসহ ৯ দফা দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। এসব দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি আন্তর্জাতিক মহাসমাবেশসহ রাজপথের একাধিক কর্মসূচি ঘোষণা করেছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষ আলেমদের উপস্থিতিতে এ দাবি ও কর্মসূচি উত্থাপন করা হয়।
সম্মেলনে বক্তারা জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে 'অমুসলিম সংখ্যালঘু' হিসেবে ঘোষণার জোর দাবি জানান। একই সঙ্গে মসজিদ, আজান, সালাত, ইমাম ও খলিফাসহ মুসলমানদের স্বতন্ত্র কোনো ধর্মীয় পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না বলে জানান। এছাড়া কাদিয়ানিদের তৈরি বই-পুস্তক, লিটারেচার, প্রচারণামূলক উপাদান এবং ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইটসহ সব ডিজিটাল কনটেন্ট অবিলম্বে বাজেয়াপ্ত ও বন্ধ করার আহ্বান জানানো হয়।
সম্মেলন থেকে উত্থাপিত অন্যান্য দাবির মধ্যে রয়েছে—আল্লাহ, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) ও কোরআন-সুন্নাহর অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস, মুসলমানদের সঙ্গে কাদিয়ানিদের বিবাহ ও মুসলিম কবরস্থানে লাশ দাফন নিষিদ্ধ করা, জাতীয় শিক্ষাক্রমে ‘খতমে নবুয়ত’-এর আকিদা যুক্ত করা এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে তাদের ধর্মীয় পরিচয় 'কাদিয়ানী' হিসেবে উল্লেখ করা। একই অনুষ্ঠানে মাওলানা সা'দকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান, তাঁর অনুসারীদের ইজতেমার অনুমতি না দেওয়া এবং হিজবুত তাওহীদ সংগঠনকে নিষিদ্ধের দাবিও জানানো হয়।
দাবি আদায়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিগগিরই মন্ত্রী, সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের কাছে আকিদা বিষয়ক বই-পুস্তক বিতরণ করা হবে। আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রতিটি জেলায় সমাবেশ, আটটি বিভাগীয় শহরে মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং সর্বশেষ রাজধানী ঢাকায় বড় পরিসরে ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসমাবেশ’ আয়োজনের ঘোষণা দেন আয়োজকরা।
এআইএল/সকালবেলা
|