পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তুরস্কের উন্নয়ন সংস্থার প্রতিনিধির বৈঠক

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তুরস্কের উন্নয়ন সংস্থার প্রতিনিধির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তুরস্কের সরকারি উন্নয়ন সহযোগিতা সংস্থা টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়।

বৈঠকে টিকা’র ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি ৭ থেকে ১০ জুন পর্যন্ত সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

বৈঠকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীলতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী গৃহহীন ও পথশিশুদের জন্য শিক্ষা কার্যক্রমে টিকার সহায়তা কামনা করেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

টিকা প্রতিনিধি বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ আশা প্রকাশ করে, এই বৈঠক দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।