আমরা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছি: তথ্যমন্ত্রী
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। এ সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে গৌরনদীর কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সেখানে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী।
সমাবেশে বক্তব্যে জহির উদ্দিন স্বপন এমপি বলেন, "ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল রাখা যাবে না। কার্ড বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতার উৎস জনগণ, আমরা কেবল জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছি।"
অনুষ্ঠানে জলবায়ু সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণে সর্বস্তরের মানুষকে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। বক্তব্য শেষে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের সৈয়দ আলম খান সেন্টুসহ স্থানীয় নেতাবৃন্দ।
এআইএল/সকালবেলা